ঈদের আগে প্রবাসীর মৃত্যু, স্বামীর লাশ ফেরানোর আকুতি স্ত্রীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদের আগে প্রবাসীর মৃত্যু, স্বামীর লাশ ফেরানোর আকুতি স্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
ঈদের আগে প্রবাসীর মৃত্যু, স্বামীর লাশ ফেরানোর আকুতি স্ত্রীর ছবির ক্যাপশন:

সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোশাররফ হোসেনের বাড়ি উপজেলার কীর্ত্তনখোলা মধ্যপাড়া এলাকায়। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (৮ মার্চ) রাত ৮টার দিকে সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় তিনি নিহত হন বলে জানা গেছে। নিহত মোশাররফ হোসেন ওই এলাকার বাসিন্দা মো. সুরজত আলীর ছেলে।

মোশাররফ প্রায় আট বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। সেখানে তিনি আল তোয়াইক বলদিয়া নামের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করছিলেন তিনি।

তার মৃত্যুর খবরে সোমবার (৯ মার্চ) সকালে বাড়িতে নেমে আসে শোকের মাতম। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের বিলাপে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ করে স্ত্রী কবরী আক্তারের আহাজারি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পর কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার স্বামী কয়েক দিনের মধ্যেই টাকা পাঠানোর কথা বলেছিলেন। সেই টাকা দিয়ে ঈদের বাজার করা এবং দুই ছেলেসহ পরিবারের সবার জন্য নতুন কাপড় কেনার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।

স্ত্রী কবরী আক্তার বিলাপ করে বলেন, “দু-এক দিনের মধ্যেই টাকা পাঠাবে বলছিল। সেই টাকা দিয়ে যেন ঈদের বাজার করি, দুই ছেলের জন্য নতুন জামা কিনি। কিন্তু একদিন না যাইতেই আমার স্বামীর এমন খবর পাইছি। আমার দুইটা পোলা এতিম হয়ে গেল। তোমরা আমার স্বামীর লাশটা দেশে আইনা দাও।”

মোশাররফ হোসেনের মৃত্যুর খবরে প্রতিবেশী ও স্থানীয় লোকজন তার বাড়িতে ভিড় করছেন। সবাই শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এলাকার মানুষও তার অকাল মৃত্যুকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করে সংসারের হাল ধরেছিলেন। তার উপার্জনের ওপর নির্ভর করেই পরিবার চলত। দুই সন্তানের ভবিষ্যৎ গড়ার আশায় তিনি বিদেশে কঠোর পরিশ্রম করছিলেন।

স্বজনরা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে পরিবারের জন্য টাকা পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সেই পরিকল্পনা পূরণ হওয়ার আগেই মিসাইল হামলায় তার মৃত্যু ঘটে।

মোশাররফের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা কামনা করা হয়েছে। তার স্ত্রী ও স্বজনদের একটাই দাবি—যেন দ্রুত মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হয়।

স্থানীয়দের মতে, প্রবাসে কর্মরত অনেক মানুষের মতোই পরিবারের সুখের আশায় বিদেশে গিয়েছিলেন মোশাররফ। কিন্তু শেষ পর্যন্ত প্রবাসেই তার জীবনাবসান ঘটায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আদালতে ব্যর্থ মোয়াজ্জেম হোসেন

চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আদালতে ব্যর্থ মোয়াজ্জেম হোসেন