নারী পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান ডিএমপির কর্মকর্তারা।
রোববার (৮ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম।
সেমিনারে সভাপতিত্ব করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল—
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে।
নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় দিবসটির মাধ্যমে।
সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ডিএমপিতে কর্মরত নারী পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করা হচ্ছে।
তিনি বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে নারী পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন এবং সমাজে নারী ক্ষমতায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
এ ক্ষেত্রে নারী পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, মহান সৃষ্টিকর্তা পুরুষ ও নারীকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন।
তিনি বলেন, নারীর অবদান ছাড়া মানবসভ্যতার অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়।
জীবনের প্রতিটি ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।
সেমিনারে উপস্থিত বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সংবেদনশীল ও দক্ষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গড়ে তুলতে নারী ও পুরুষ উভয়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক