যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া রায়ে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপ করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। বার্তা সংস্থা রয়টার্স-এর খবর অনুযায়ী, এই সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় প্রদান করে। রায়ে উল্লেখ করা হয়েছে, আরোপিত শুল্ক আইনের নির্ধারিত সীমা অতিক্রম করেছে। তবে ইতোমধ্যে আদায় করা ১৩০ বিলিয়ন ডলারেরও বেশি শুল্ক অর্থের ভবিষ্যৎ নিয়ে আদালত কোনো নির্দেশনা দেয়নি।
প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, প্রেসিডেন্ট এমন এক অসাধারণ ক্ষমতার দাবি করেছেন, যার মাধ্যমে তিনি একতরফাভাবে সীমাহীন পরিমাণে, অনির্দিষ্ট সময়ের জন্য এবং বিস্তৃত পরিসরে শুল্ক আরোপ করতে পারেন। তবে ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক কাঠামো ও ফেডারেল আইন বিবেচনায় এ ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য কংগ্রেসের স্পষ্ট অনুমোদন প্রয়োজন।
আদালত আরও উল্লেখ করে, যে জরুরি ক্ষমতার ভিত্তিতে ট্রাম্প শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছিলেন, তা যথেষ্ট নয়। এই রায়কে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। গত বছরের অভিবাসন নীতি, স্বাধীন সংস্থার প্রধানদের অপসারণ এবং সরকারি ব্যয়ে বড় ধরনের কাটছাঁট সংক্রান্ত একাধিক জরুরি আবেদনে আদালত ট্রাম্পের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। এবার বৈশ্বিক শুল্ক আরোপে সেই ধারা বিরতি পেয়েছে।
কসমিক ডেস্ক