যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনসারের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান।
তিনি জানান, যৌন হয়রানি নিরোধকেন্দ্রের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুবেল আনসারের বিরুদ্ধে গঠিত নতুন কমিটি যৌন হয়রানি নিরোধকেন্দ্রের কমিটি নয়; বরং বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত একটি পৃথক উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি, যা অভিযোগের বিভিন্ন দিক পর্যালোচনা করবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং বিজয় ২৪ হলের এক ক্যান্টিনকর্মীর বিরুদ্ধে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগের বিচার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।
পরে প্রশাসনের সঙ্গে বৈঠকে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করেন। সাম্প্রতিক সিন্ডিকেটের সিদ্ধান্তকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক