টকশোতে নীতিকথা বলা কিছু ব্যক্তির বিরুদ্ধে ভোটারদের মধ্যে অর্থ বিতরণের অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ বিষয়ে নির্বাচন কমিশন কীভাবে পদক্ষেপ নিচ্ছে—তা জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করে। প্রতিনিধিদলে নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়া এবং অন্যান্য অনিয়মের বিষয়ে কমিশনকে অবহিত করা হয়েছে। কমিশন আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, “যারা অন্যায়, অনৈতিক ও বেআইনি কাজ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই বিএনপির প্রত্যাশা। দলের প্রার্থী ও এজেন্টদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ব্যালট পেপার ছাপানো ও সিল জালিয়াতির মতো অভিযোগ সামনে আসছে। এসব বিষয়ে আগাম নজরদারি জোরদার করা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচন কমিশনের অধীনে থাকলেও কেন আগে থেকে অনিয়মের তথ্য পাওয়া যাচ্ছে না—সে প্রশ্নও তোলেন তিনি।
মাঠ প্রশাসনে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, কিছু সংবাদে নির্দিষ্ট কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা হচ্ছে, যা গুজবও হতে পারে। তবে কোনো কর্মকর্তার আচরণ যাতে পক্ষপাতদুষ্ট না হয়, সে বিষয়ে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচন ঘিরে পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। অংশগ্রহণকারী দলগুলো অবাধ ও সুষ্ঠু ভোট চায় বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্যালট বক্স পরিবহন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্গম এলাকায় আগাম ব্যালট বক্স পাঠানো নিরাপদ নয়। তবে বক্সে একাধিক লক থাকবে এবং ভোটগ্রহণ শেষে এজেন্টদের উপস্থিতিতেই তা খোলা হবে বলে জানান তিনি।
কসমিক ডেস্ক