ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দোকানঘরের সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে ইকবাল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন শিমরাইল গ্রামের মৃত কান্নার আলীর ছেলে। ঘটনার পর অভিযুক্ত ফয়সাল আহমেদ (২০) ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিমরাইল মধ্যপাড়া বাজারে একটি দোকানঘর নির্মাণের কাজ করছিলেন ইকবাল হোসেন। দোকানের সিঁড়ি নির্মাণের স্থান নিয়ে একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া ও তার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাজারের নাছির মিয়ার চায়ের দোকানের সামনে উত্তেজনা বাড়লে ফয়সাল মিয়া হাতে থাকা কোদাল দিয়ে ইকবাল হোসেনকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, দোকানঘরের সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
কসমিক ডেস্ক