ভোট দিতে গ্রামে ছুটছেন ভোটাররা, ঢাকা শহরে কমছে কর্মচাঞ্চল্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোট দিতে গ্রামে ছুটছেন ভোটাররা, ঢাকা শহরে কমছে কর্মচাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
ভোট দিতে গ্রামে ছুটছেন ভোটাররা, ঢাকা শহরে কমছে কর্মচাঞ্চল্য ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের তাগিদে নিজ নিজ এলাকায় ফিরছেন কর্মজীবী ও পরিবার-পরিজনসহ বিপুল সংখ্যক ভোটার। এ কারণে ঢাকার বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে ঘরমুখো মানুষের চাপ দিন দিন বাড়ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড়। দূরপাল্লার বাস ধরতে যাত্রীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কারও হাতে ব্যাগ, কারও মাথায় বস্তা—অনেকে পরিবারসহ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কেউ কেউ দল বেঁধে পিকআপ বা ট্রাকে করেও গ্রামের পথে রওনা দিচ্ছেন।

আগামী বুধবার শেষ কর্মদিবস হলেও অনেকেই আগেভাগেই যাত্রা শুরু করেছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সময়ের মতো চেনা দৃশ্য ফিরে এসেছে। পরিবহণ সংশ্লিষ্টদের ভাষ্য, বুধবার থেকে যাত্রীচাপ আরও বাড়তে পারে। ইতোমধ্যে অনেক রুটে আগাম বাস টিকিট প্রায় শেষ হয়ে গেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনেও ট্রেনের টিকিট সংগ্রহে দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীরা জানিয়েছেন, কয়েক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ এলাকায় ফিরছেন।

চাকরি ও কর্মসূত্রে ঢাকা ও গাজীপুরে বসবাসকারী লাখো মানুষের স্থায়ী ঠিকানা গ্রাম বা মফস্বল শহরে। তারা নিজ নিজ এলাকার ভোটার। দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় এবারের নির্বাচনে অংশ নিতে তাদের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকেও ছুটি কার্যকর হওয়ায় ঢাকা ও গাজীপুরের অস্থায়ী বাসিন্দারা আগেভাগেই স্থায়ী ঠিকানার পথে রওনা হয়েছেন।

সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর, ঢুলিভিটা, আমিনবাজার, সাভার ও নবীনগর এলাকায় এবং নবীনগর-চন্দ্রা ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন পয়েন্টে ঘরমুখো যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। যাত্রীদের ভিড়, বাস সংকট ও কোথাও কোথাও বাড়তি ভাড়ার অভিযোগে ভোগান্তির চিত্রও দেখা গেছে।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটের পাশাপাশি স্বজনদের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যেও মানুষ দলে দলে বাড়ি ফিরছেন, যা রাজধানীর চিরচেনা ব্যস্ততাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এলপিজি বাজারে সরবরাহ বাড়াতে সরকারি উদ্যোগ

এলপিজি বাজারে সরবরাহ বাড়াতে সরকারি উদ্যোগ