আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৫৪২ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে প্রায় ১৩ হাজার ব্যক্তিকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ২১৬ জন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৩ হাজার ৮৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এবং ৩ হাজার ৪৮৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ার, ৩২ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার অভিযোগে আরও ১৯ জনকে আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা এ ধরনের ব্যক্তিদের কোনো ধরনের সহায়তা বা সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
এ ছাড়া এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ ব্যক্তিদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সৌদি আরবের বিভিন্ন এলাকায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন বাস্তবায়নে অভিযান আরও জোরদার করা হবে।
কসমিক ডেস্ক