প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে জাপানসহ প্রধানমন্ত্রীর অন্যান্য বিদেশ সফরের সূচিও এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত সফরসহ অন্যান্য সফরের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং উপযুক্ত সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর কবে হতে পারে—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, জাপান সফরের দিনক্ষণও এখনো নির্ধারিত হয়নি। দুই দেশের উপযুক্ত সময় বিবেচনা করে সফরের তারিখ ঠিক করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন সরকারি কাজে ব্যস্ত রয়েছেন বলেও জানান তিনি।
ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। তার মতে, দুই দেশের প্রধানদের মধ্যে সরাসরি আলোচনা হলে অনেক বিষয় দ্রুত সমাধানের পথ তৈরি হতে পারে।
তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। ভারত এই সুযোগ কাজে লাগাবে কি না, সেটি তাদের বিবেচনা করার বিষয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনা ও যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বিষয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়ে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। এ ছাড়া রপ্তানি বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সিঙ্গাপুরে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের একটি প্রকল্পও পরিদর্শন করেছেন তিনি। সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
কসমিক ডেস্ক