পিআইও কর্মচারীর বাসা থেকে বিপুল সরকারি ত্রাণ উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পিআইও কর্মচারীর বাসা থেকে বিপুল সরকারি ত্রাণ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
পিআইও কর্মচারীর বাসা থেকে বিপুল সরকারি ত্রাণ উদ্ধার ছবির ক্যাপশন:

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের এক কর্মচারীর ভাড়া বাসা থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দক্ষিণ শ্রীপুর এলাকায় আব্দুল কাদেরের বহুতল ভবনের নিচতলায় ভাড়া থাকতেন ফুলগাজী উপজেলা পিআইও অফিসের অফিস সহকারী আব্দুল বাকের। তিনি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আমিনউল্লাহর ছেলে।

ওই বাসায় ২০২৪ সালের সরকারি ত্রাণের পণ্য অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে—এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ ও পুলিশের একটি দল উপস্থিত ছিল। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বাসিন্দারাও সেখানে উপস্থিত ছিলেন।

অভিযানে বাসার বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি ও ৩৩ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়। পাশাপাশি ২০০ গ্রাম ওজনের ৩০ প্যাকেট হলুদের গুঁড়া, ১০০ গ্রাম ওজনের ৩২ প্যাকেট মরিচের গুঁড়া এবং একই ওজনের ৩১ প্যাকেট ধনিয়ার গুঁড়াও পাওয়া যায়।

সব মিলিয়ে সেখান থেকে ১০ বস্তা ত্রাণের প্যাকেট ও তিন বস্তা শুকনো খাবারের প্যাকেট উদ্ধার করা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ওই বাসায় যান। উদ্ধার করা পণ্যগুলো ২০২৪-২৫ সালের বন্যার সময় সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য পাঠানো হয়েছিল। এসবের মধ্যে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে।

উদ্ধার করা ত্রাণসামগ্রী বর্তমানে থানায় রাখা হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করল ইরান

ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করল ইরান