সড়কে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সড়কে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
সড়কে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা ছবির ক্যাপশন:

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় দীর্ঘদিনেও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান হয়নি। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা না থাকায় পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা কোটালীপাড়া-রাজৈর সড়কের পাশে ফেলা হচ্ছে। এতে সড়ক ব্যবহারকারী, স্থানীয় বাসিন্দা ও আশ্রয়ন প্রকল্পের মানুষকে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে কোটালীপাড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রায় ১০ দশমিক ৯৬ বর্গকিলোমিটার আয়তনের এ পৌর এলাকায় বর্তমানে ১৮ হাজারের বেশি মানুষের বসবাস। ২০০৭ সালে দ্বিতীয় শ্রেণি এবং ২০১৬ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও এখনো বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থায়ী শোধনাগার বা নির্দিষ্ট ডাম্পিং স্থান তৈরি হয়নি।

ফলে দীর্ঘদিন ধরে পাড়কোনা পৌর বাস টার্মিনালের কাছে কোটালীপাড়া-রাজৈর সড়কের পাশে খোলা জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। সেখানে ময়লার স্তূপ তৈরি হওয়ায় প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রবও বাড়ছে। এতে পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী মাহিন্দ্রা ও ভ্যানচালকেরা জানান, অনেক সময় ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন দুর্গন্ধের সঙ্গে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সড়কের ওপর দিয়ে যানবাহন চলাচলও কঠিন হয়ে যায়। পথচারী ও যাত্রীরা এতে আরও বেশি সমস্যায় পড়েন।

স্থানীয় পৌরবাসী বলছেন, প্রথম শ্রেণির একটি পৌরসভায় এত বছরেও বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকা কর্তৃপক্ষের ব্যর্থতা। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

কোটালীপাড়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগুফতা হক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হবে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রবাসীর মৃত্যুতে পাশে সরকার, ক্ষতিপূরণে উদ্যোগ

প্রবাসীর মৃত্যুতে পাশে সরকার, ক্ষতিপূরণে উদ্যোগ