তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার ছবির ক্যাপশন:

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্য নিয়ে তিন দিনের সরকারি সফরে আজ (মঙ্গলবার) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তার নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক ঢাকা সফরের মাত্র কয়েক দিনের ব্যবধানে এই উচ্চপর্যায়ের সামরিক সফর অনুষ্ঠিত হচ্ছে। ফলে দুই দেশের কৌশলগত সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড জানিয়েছেন, সফরকালে অ্যাডমিরাল স্টিফেন কোহলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দীর্ঘদিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

দূতাবাস সূত্রে জানা গেছে, এই সফর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের প্রতিফলন। একই সঙ্গে এটি ওয়াশিংটন ও ঢাকার মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সামুদ্রিক সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহের ইঙ্গিত বহন করে।

অ্যাডমিরাল স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক এবং কৌশলগত সামরিক নেতা হিসেবে পরিচিত। দীর্ঘ সামরিক জীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও নৌ-অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশ্লেষকদের মতে, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অতিরিক্ত ভাড়া নিলে অভিযোগ জানানো যাবে হেল্প ডেস্কে

অতিরিক্ত ভাড়া নিলে অভিযোগ জানানো যাবে হেল্প ডেস্কে