৩৫ বছর পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৩৫ বছর পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
৩৫ বছর পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত ছবির ক্যাপশন:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাতে রাজধানীতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে রাষ্ট্রপতি পদে দল বা জোটের প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসায় জোট শরিকদের সঙ্গে বৈঠক করবেন জামায়াতের দায়িত্বশীল নেতারা। ওই বৈঠকে শরিকদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে।

আলোচনায় একাধিক নাম

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির নামও প্রস্তাব করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে সর্বশেষ বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার নজির দেখা যায়। ওই সময় আওয়ামী লীগ বিরোধী দলে থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করেছিল। নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে ৮০ ভোটে পরাজিত হন।

এরপর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। ফলে এবার জামায়াতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

জোটের সঙ্গে আলোচনায় চূড়ান্ত হবে প্রার্থী

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি ২১১টি আসন এবং জামায়াতের নেতৃত্বাধীন জোট ৬৮টি আসন পায়। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয়ের হিসাবের পাশাপাশি বিরোধী দল হিসেবে প্রার্থী দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে জামায়াত।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন কে পাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। জোট শরিকদের সঙ্গে আলোচনা করেই প্রার্থীর নাম নির্ধারণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরাইলের হাসপাতালের বেহাল চিত্র তুলে ধরলেন রুমিন ফারহানা

সরাইলের হাসপাতালের বেহাল চিত্র তুলে ধরলেন রুমিন ফারহানা