নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী হকার্স মার্কেটের মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার ঘনিষ্ঠ সহযোগী ও ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫) গুলিবিদ্ধ হন। আহত সেন্টুকে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে সমিতির কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে রাত পৌনে ১২টার দিকে সহযোগী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে কার্যালয় থেকে বের হন।
তারা হকার্স মার্কেটের মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এ সময় ইয়াছিন সেন্টু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে হাজী আবুল কাশেমের হাতে গুলির আঁচড় লাগে এবং একটি গুলি সেন্টুর বুকের বাঁ পাশে বিদ্ধ হয়।
পুলিশ তদন্তে নেমেছে
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগী ইয়াছিন সেন্টুর বুকে লাগে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক