ইসলাম একটি মানবিক ও চিরন্তন ধর্ম। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা দেয় এই ধর্ম। তাই আনন্দ-উৎসবেও রয়েছে সুনির্দিষ্ট দিকনির্দেশনা। পবিত্র ঈদুল আজহা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যেখানে আনন্দের পাশাপাশি রয়েছে ইবাদত, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা। এ দিনে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয় রয়েছে, যা পালন করা প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ।
কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, “তোমরা আল্লাহর রশি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো” (সুরা আলে-ইমরান: ১০৩)। অর্থাৎ, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলাই একজন মুমিনের কর্তব্য। সেই আলোকে ঈদের আনন্দও সীমার মধ্যে থেকে উপভোগ করতে হবে।
প্রথমত, ঈদের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে। হাদিসে উল্লেখ আছে, এমন কিছু রাত রয়েছে, যেগুলোতে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন—ঈদের রাত তার মধ্যে অন্যতম।
দ্বিতীয়ত, ঈদের দিন ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে রাতে আগে ঘুমিয়ে শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করা যেতে পারে।
তৃতীয়ত, ঈদের সকালে পরিচ্ছন্নতা বজায় রাখা সুন্নত। মেসওয়াক করা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা এবং সুন্দর পোশাক পরিধান করা—এসব আমল রাসুল (সা.) নিজেও পালন করতেন এবং সাহাবিরাও তা অনুসরণ করতেন।
চতুর্থত, ঈদের দিনে তাকবির পাঠ করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। বিশেষ করে ঈদুল আজহার সময় উচ্চস্বরে তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়ার নির্দেশনা রয়েছে। এটি ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে এবং আল্লাহর মহিমা প্রকাশ করে।
পঞ্চমত, ঈদুল আজহার দিনে খালি পেটে ঈদের নামাজে যাওয়া সুন্নত। নামাজ শেষে কোরবানির গোশত দিয়ে খাবার শুরু করা উত্তম। এটি রাসুল (সা.)-এর অনুসৃত একটি গুরুত্বপূর্ণ আমল।
ষষ্ঠত, ঈদের দিন আনন্দ প্রকাশ করা ইসলামে উৎসাহিত করা হয়েছে। এটি খুশির দিন, তাই পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং সমাজের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করা উচিত। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে নিয়ে আনন্দ উদযাপনই ইসলামের সৌন্দর্য।
প্রথমত, ঈদের দিনে রোজা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখা হারাম। একইভাবে ঈদুল আজহার পরবর্তী তিন দিনও রোজা রাখা যাবে না।
দ্বিতীয়ত, হিংসা-বিদ্বেষ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকতে হবে। ঈদের আনন্দমুখর দিনে সবাইকে ক্ষমা করে দেওয়া, সম্পর্ক ঠিক রাখা এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়া ইসলামের শিক্ষা।
তৃতীয়ত, বাজি-পটকা ফোটানো এবং জুয়া খেলা সম্পূর্ণভাবে বর্জনীয়। এগুলো অপচয় এবং ইসলামে নিষিদ্ধ কাজ। কোরআনে জুয়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং অপচয়কারীদের শয়তানের ভাই বলা হয়েছে।
সবশেষে বলা যায়, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়; এটি আত্মত্যাগ, সংযম এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের একটি অনন্য সুযোগ। তাই এই দিনটি যথাযথভাবে পালন করতে হলে ইসলামের নির্দেশনা মেনে চলা জরুরি।
পবিত্র এই দিনে আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি পাক। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ঈদ পালন করার তাওফিক দান করুন।
কসমিক ডেস্ক