নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি, ম্যাচশেষে উত্তেজনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি, ম্যাচশেষে উত্তেজনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি, ম্যাচশেষে উত্তেজনা ছবির ক্যাপশন:

কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচে সান্তোসের কাছে ১-০ গোলে হারের পর উত্তপ্ত হয়ে ওঠে রেমোর ঘরের মাঠ। ম্যাচশেষে ব্রাজিলিয়ান তারকা নেইমারের আচরণকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। রেমোর সভাপতি অ্যান্তিনোও কার্লোস টেক্সেইরা, যিনি ‘টনহাও’ নামে পরিচিত, প্রকাশ্যে নেইমারকে ‘জোকার’ বলে মন্তব্য করেছেন।

ম্যাচের আগে থেকেই স্টেডিয়ামে উপস্থিত রেমোর সমর্থকেরা নেইমারকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিতে থাকেন। অনুশীলনের সময়ও তারা তাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। সে সময় নেইমার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কেবল হাত নেড়ে পরিস্থিতি সামাল দেন।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে সান্তোসের একমাত্র গোলটিতে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন নেইমার। সেই গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সান্তোস। ম্যাচের শেষদিকে আরও একটি সহজ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন তিনি।

তবে মূল বিতর্কের সূত্রপাত হয় ম্যাচ শেষ হওয়ার পর। রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠ ছাড়ার সময় নেইমার গ্যালারির দিকে তাকিয়ে সমর্থকদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এবং দুই হাত তুলে নাচতে নাচতে বলেন, ‘তোমাদের বিদায় হয়েছে, বিদায় হয়েছে।’ এতে রেমোর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং স্টেডিয়ামের পরিবেশ উত্তপ্ত হয়ে যায়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মিক্সড জোনে। সেখানে উপস্থিত কয়েকজন রেমো কর্মকর্তা ও সমর্থক নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, কেউ কেউ তার দিকে অশোভন অঙ্গভঙ্গিও করেন। পরে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাঠ ছাড়ার সময়ও নেইমারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান রেমোর সমর্থকদের একাংশ।

ঘটনার পর রেমোর সভাপতি টনহাও সান্তোস ও নেইমারের আচরণের সমালোচনা করে বলেন, এমন আচরণের কোনো প্রয়োজন ছিল না। তিনি অভিযোগ করেন, নেইমার ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের সমর্থকদের উসকে দিয়েছেন এবং তাকে ‘জোকার’ বলে আখ্যা দেন।

এই ঘটনার পর ব্রাজিলের ফুটবল অঙ্গনে নেইমারের আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নেইমার বা সান্তোস ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স