ভ্যাট কমিশনারেট পুনর্গঠন, বিআইএন হালনাগাদে নতুন নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভ্যাট কমিশনারেট পুনর্গঠন, বিআইএন হালনাগাদে নতুন নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ভ্যাট কমিশনারেট পুনর্গঠন, বিআইএন হালনাগাদে নতুন নির্দেশনা ছবির ক্যাপশন:

ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের ফলে স্থানান্তরিত ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) আগামী ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানিয়েছে, করজাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে নতুন কমিশনারেট গঠন করা হয়েছে। এই প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থাকে আরও কার্যকর, গতিশীল ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের বিআইএন নতুন অধিক্ষেত্রে স্থানান্তর করা হয়েছে। এর ফলে বিআইএন নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তিত হয়েছে, যা সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও ডিভিশনকে নির্দেশ করে। তবে এনবিআর স্পষ্ট করেছে, বিআইএনের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে এবং শুধু প্রশাসনিক কারণে এই পরিবর্তন আনা হয়েছে।

আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড (ASYCUDA World) সিস্টেমে সাময়িকভাবে পুরোনো ও নতুন—উভয় বিআইএনই সক্রিয় রাখা হয়েছে। ফলে পুরোনো বিআইএন ব্যবহার করে ইতোমধ্যে খোলা ঋণপত্র (এলসি), বিল অব এন্ট্রি, কাস্টমস ঘোষণা এবং অন্যান্য চলমান কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে।

তবে এনবিআর ব্যবসায়ীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যেই পুরোনো বিআইএন-সংক্রান্ত সব কার্যক্রম শেষ করে নতুন বিআইএন ব্যবহারে অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর অর্থাৎ ৩০ নভেম্বরের পর পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।

এরপর কাস্টমসের আওতাধীন আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম পরিচালনার জন্য কেবল নতুন বিআইএন ব্যবহার করা যাবে। ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় হালনাগাদ সম্পন্ন করার পরামর্শ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, যাতে আমদানি-রপ্তানি ও ভ্যাট-সংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা