দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুতের ওপর চাপ কমাতে সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল (Solar Panel) স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশীয় সোলার ইনভার্টার শিল্পকে উৎসাহিত করা এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধাপে ধাপে সৌর প্যানেল স্থাপন করা হবে। পরবর্তীতে অন্যান্য সরকারি ভবনেও এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে, যাতে দেশীয় উৎপাদন বৃদ্ধি পায় এবং নবায়নযোগ্য জ্বালানি খাত আরও শক্তিশালী হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ ব্যবহারকে লাভজনক, সহজলভ্য ও সাশ্রয়ী করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নেরও নির্দেশ দেন তিনি।
সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়বে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটবে।
সভায় প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাবনা নিয়ে পৃথক উপস্থাপনা দেয়। তারা জানায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ভোক্তাদের বিদ্যুৎ ব্যয়ও কমবে।
সভায় আরও উল্লেখ করা হয়, সৌরবিদ্যুতের অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। আধুনিক সৌর প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র পরিচালনা সম্ভব বলেও উপস্থাপনায় জানানো হয়।
কসমিক ডেস্ক