জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’। সোমবার (৩ আগস্ট) বিভাগের হলরুমে দিবসটি উপলক্ষে ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য এবং দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে তুলে ধরেন। তাদের পরিবেশনায় শহীদদের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের প্রতি দায়বদ্ধতার বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন। সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা।
সভাপতির বক্তব্যে রুবাইয়া জাবীন প্রিয়তা জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সব শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং চেতনা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণের ওপরও গুরুত্বারোপ করে বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিও ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ ও তুলে ধরা প্রয়োজন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তরুণ সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানটি শেষে অংশগ্রহণকারীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণ পর্বে অংশ নেন।
কসমিক ডেস্ক