নিয়মিত, নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ আরও সম্প্রসারণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে তিনি অভিবাসীদের অধিকার সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তিকে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইওএমের অপারেশনস বিষয়ক উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী এসব বিষয় তুলে ধরেন। বৈঠকে আইওএমের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইওরি কাটো, বিশেষ উপদেষ্টা প্রিয়া মারওয়াহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধি, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক উপায়ে কর্মী নিয়োগ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা অনুযায়ী সম্ভাব্য অভিবাসী কর্মীদের দক্ষ করে তোলা এখন সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে আইওএমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিমন্ত্রী বিশেষভাবে স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং এবং কৃষি খাতে গন্তব্য দেশগুলোর সঙ্গে মেধা অংশীদারিত্ব (Talent Partnership) জোরদার এবং দক্ষ বাংলাদেশি কর্মীদের বৈশ্বিক কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে আইওএমের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নারী অভিবাসী শ্রমিকসহ সব অভিবাসীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সহায়তা সেবা সম্প্রসারণের আহ্বান জানান।
এ সময় তিনি সংকটকবলিত দেশগুলো থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে আইওএমের সহযোগিতার প্রশংসা করেন। এছাড়া নিরাপদ পুনর্বাসন, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সংস্থাটির সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তারও প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অন্যদিকে, আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস নিরাপদ, শৃঙ্খলিত ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ খাতে বাংলাদেশ-আইওএম সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
কসমিক ডেস্ক