আফগান সীমান্তঘেঁষা বাজাউর জেলা এলাকায় জঙ্গি হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক শিশু নিহত হয়েছেন।
সোমবার খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি চেকপয়েন্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বিস্ফোরণে নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।
সেনাবাহিনীর দাবি, হামলার পর পাল্টা অভিযানে ১২ জঙ্গি নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিস্ফোরণে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে এবং আশপাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। একটি পাকিস্তানি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খাইবার পাখতুনখওয়ায় ২০২৫ সালে জঙ্গি হামলার ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৩১ জনে পৌঁছেছে, যা ২০২৪ সালের ১ হাজার ৬২০ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
কসমিক ডেস্ক