এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি চালু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি চালু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি চালু ছবির ক্যাপশন:

দেশে প্রথমবারের মতো এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য আনুষ্ঠানিক বদলি ব্যবস্থা চালু করেছে সরকার। ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ অনুযায়ী এখন থেকে যোগ্য শিক্ষকরা নির্ধারিত শর্ত পূরণ করে অনলাইনে বদলির আবেদন করতে পারবেন।

নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক একই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দুই বছর চাকরি সম্পন্ন করলে বদলির জন্য আবেদন করার যোগ্য হবেন। প্রথম অগ্রাধিকার থাকবে নিজ জেলার শূন্য পদে। নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলার শূন্য পদে আবেদন করা যাবে। বিশেষ ক্ষেত্রে দেশের যেকোনো জেলা অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থলসংক্রান্ত জেলাতেও বদলির আবেদন করার সুযোগ থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতিবছর প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তালিকা অনলাইনে প্রকাশ করবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যারের মাধ্যমে আবেদন গ্রহণ, বদলির আদেশ এবং নতুন কর্মস্থলে যোগদানের পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

একজন শিক্ষক চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। তবে প্রতিবার বদলির পর নতুন কর্মস্থলে ন্যূনতম দুই বছর চাকরি না করলে পুনরায় আবেদন করা যাবে না।

একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে নারী প্রার্থী, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। আবেদনকারী সর্বোচ্চ তিনটি পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে পারবেন।

নীতিমালায় আরও বলা হয়েছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। তবে একই বিষয়ে একজনের বেশি শিক্ষক বদলি হতে পারবেন না। অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল হবে।

বদলির পর শিক্ষকের এমপিও সুবিধা, আর্থিক প্রাপ্য ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। তবে বদলিকে কোনো অধিকার হিসেবে দাবি করা যাবে না এবং বদলির ক্ষেত্রে টিএ-ডিএ ভাতা প্রদান করা হবে না। এছাড়া সাময়িক বরখাস্ত থাকা বা ফৌজদারি মামলায় অভিযুক্ত শিক্ষকরা বদলির জন্য বিবেচিত হবেন না।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, বদলি কার্যক্রম শুরু করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেলিটকের সফটওয়্যার প্রস্তুত হলেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।

এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বদলি কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রথমবারের মতো এক এমপিওভুক্ত শিক্ষককে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলির আদেশ জারি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার”

“প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার”