তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন অ্যাডমিরাল স্টিফেন কোহলার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন অ্যাডমিরাল স্টিফেন কোহলার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন অ্যাডমিরাল স্টিফেন কোহলার ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (U.S. Pacific Fleet) কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিনদিনের সরকারি সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন। তার নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল এ সফরে অংশ নেবে।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সফর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের প্রতিফলন। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় যোগাযোগ আরও জোরদারের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর-এর বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পরই মার্কিন নৌবাহিনীর এই শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর অনুষ্ঠিত হচ্ছে। ফলে সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতায় এ সফর নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

অ্যাডমিরাল স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও কৌশলগত সামরিক নেতা। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি যুদ্ধবিমান পরিচালনা, বিমানবাহী রণতরীর নেতৃত্ব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও যৌথ অভিযানে দায়িত্ব পালন করেছেন।

নৌবাহিনীর পরিবারে বেড়ে ওঠা কোহলার ১৯৮৬ সালে ইউনিভার্সিটি অব কলোরাডো, বোল্ডার থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের নেভাল রিজার্ভ অফিসার ট্রেনিং কোর (NROTC) কর্মসূচির মাধ্যমে তিনি নৌবাহিনীতে কমিশন লাভ করেন। পরে নেভাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়নে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া জয়েন্ট স্টাফ কলেজনেভি নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম থেকেও উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

১৯৮৯ সালের মার্চে নৌবাহিনীর বিমানচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি এফ-১৪ টমক্যাট এবং এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানে ৩ হাজার ৯০০ ঘণ্টার বেশি উড্ডয়ন করেছেন। পাশাপাশি বিমানবাহী রণতরীতে ৬০০টিরও বেশি সফল অবতরণের অভিজ্ঞতা রয়েছে তার, যা তাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম অভিজ্ঞ কমান্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ