ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখা গণতান্ত্রিক চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তার অভিযোগ, এনসিপির নেতাকর্মীদের সাম্প্রতিক বক্তব্য রাজনীতির শিষ্টাচার ও সৌজন্যের প্রচলিত ধারা বদলে দিয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার জাঙালপাশা হাজী আবদুল মজিদ একাডেমি বন্যা আশ্রয়কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৎ সংঘ সামাজিক উন্নয়নের উদ্যোগে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দুই হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি বাবুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির নেতাকর্মীরা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তা রাজনৈতিক সংস্কৃতি ও সভ্যতার পরিপন্থী। তিনি দাবি করেন, দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে হামলা, মামলা ও কারাবরণ করলেও কখনো প্রতিপক্ষের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেননি।
তিনি এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গণতান্ত্রিক সরকারকে উৎখাতের আহ্বান বা উসকানিমূলক বক্তব্যের পরিবর্তে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করা উচিত। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এমপি বাবুল শিক্ষার্থীদের বিতরণ করা চারা নিজ নিজ বাড়িতে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং সামাজিক বনায়ন সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া আগামী পাঁচ বছরে ২৫ কোটি ফলজ ও বনজ বৃক্ষ রোপণের সরকারি কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সৎ সংঘ সামাজিক উন্নয়নের সভাপতি খন্দকার মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, ওবায়দুল আলম সম্রাট, নুরু মিয়াসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক