রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামে ধসে যাওয়া সেতুর সংযোগ সড়ক সংস্কারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে নিজেদের অর্থ সংগ্রহ ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের কাজ শুরু করেছেন তারা।
বুধবার (৩০ জুলাই) সকালে গ্রামবাসীরা রড, সিমেন্ট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী নিয়ে ধসে যাওয়া অংশে মাটি ভরাট এবং সংযোগ সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু করেন। স্থানীয়দের আশা, সংস্কারকাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং স্বাভাবিকভাবে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সম্ভব হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণ এবং তীব্র পানির স্রোতে রংপুর-দিনাজপুর মহাসড়কসংলগ্ন দোয়ালিপাড়া গ্রামের সেতুর সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়ে। এতে দোয়ালিপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন। বিকল্প কোনো সড়ক না থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী এবং রোগীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল।
ধসে পড়া সড়কের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও দ্রুত কোনো সরকারি সংস্কারকাজ শুরু না হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নেন। এলাকাবাসীর কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হয় এবং সেই অর্থ দিয়ে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী কেনা হয়। পাশাপাশি গ্রামের তরুণ, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।
সরেজমিনে দেখা যায়, কেউ নির্মাণসামগ্রী বহন করছেন, কেউ মাটি ভরাট করছেন, আবার কেউ অর্থ দিয়ে সহযোগিতা করছেন। সম্মিলিত এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত অংশটি মজবুত করে পুনরায় চলাচল উপযোগী করার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, সরকারি সহায়তা পেলে স্থায়ীভাবে সড়কটি সংস্কার করা সম্ভব হবে। তবে জনদুর্ভোগ কমাতে আপাতত নিজেদের উদ্যোগেই তারা সড়কটি সচল করার কাজ করছেন। এলাকাবাসীর এই উদ্যোগ সামাজিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
কসমিক ডেস্ক