করোনাকালে নমুনা পরীক্ষা জালিয়াতির ঘটনায় আলোচনায় আসা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিম প্রতারণার একটি মামলায় জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম মামলার বাদীপক্ষের সঙ্গে আপসের শর্তে ৫ হাজার টাকার মুচলেকায় ১০ দিনের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলায় জামিন মিললেও সাহেদ করিমের বিরুদ্ধে অন্য একাধিক মামলা বিচারাধীন থাকায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১৩ জুলাই মেসার্স মাসুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহ মাসুদ আদালতে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।
বাদীর অভিযোগে বলা হয়, ২০১৮ সাল থেকে সাহেদ করিমের প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে নির্মাণসামগ্রী সরবরাহ করা হয়। শুরুতে নগদ অর্থ পরিশোধ করলেও পরে তিনি প্রাইম ব্যাংকের মোট এক কোটি টাকার চারটি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেগুলো ফেরত আসে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পাওনা টাকা চাইলে সাহেদ করিম দীর্ঘদিন সময়ক্ষেপণ করেন। পরে ২০২০ সালের ২৬ জুন টাকা চাইতে গেলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বাদী উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।
উল্লেখ্য, করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আলোচনায় আসেন সাহেদ করিম। এছাড়া অস্ত্র, প্রতারণা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩৫টিরও বেশি মামলা রয়েছে।
কসমিক ডেস্ক