দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হচ্ছেন। নাটকটিতে তটিনীর চরিত্রের নাম ‘নূরজাহান’, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তটিনীর প্রথম লুক প্রকাশ করেছে। প্রকাশের পর থেকেই নাটকটি ঘিরে ভক্তদের কৌতূহল বাড়ছে।
এই ধারাবাহিকে তটিনীর সঙ্গে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ একঝাঁক তারকা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই নাটকের মাধ্যমে দীর্ঘ বিরতির পর সুমাইয়া শিমুও ধারাবাহিক নাটকে ফিরছেন।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, ‘ফিরে আসার গল্প’ একটি পারিবারিক কাহিনিনির্ভর নাটক। আগামী মাসে এর শুটিং শুরু হবে এবং শিগগিরই সম্প্রচারের তারিখ ও চ্যানেল সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এর আগে রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ এবং ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তটিনী। এছাড়া সম্প্রতি তিনি একই নির্মাতার ‘পথহারা’ নাটকের শুটিং শেষ করেছেন।
অন্যদিকে, তটিনীকে সর্বশেষ দেখা গেছে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে, যেখানে তার বিপরীতে অভিনয় করেন ফারহান আহমেদ জোভান। নাটকটি ইউটিউবে মুক্তির পর মাত্র আট দিনের মধ্যেই ১৩ মিলিয়নের বেশি ভিউ পেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
সব মিলিয়ে, ‘ফিরে আসার গল্প’ নাটকের মাধ্যমে তটিনীর এই প্রত্যাবর্তন দর্শকদের জন্য এক নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে।
কসমিক ডেস্ক