ভোটের আগে পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটের আগে পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
ভোটের আগে পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল। তাকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে। একইভাবে পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকেও ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়া খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। নির্বাচনের আগে গাজীপুর মহানগর পুলিশের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে এই বদলি সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা এবং বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) সাহেব আলী পাঠানকে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

অন্যদিকে এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রাশীদুল হাসানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সংযুক্ত করা হয়েছে এবং একই সঙ্গে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে বর্তমানে সুপার নিউমারারিতে অতিরিক্ত ডিআইজি পদে থাকা মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলির আদেশ বাতিল করা হয়েছে। ফলে তার পূর্বের বদলি সংক্রান্ত নির্দেশনা কার্যকর থাকছে না।

নির্বাচনের আগে পুলিশের শীর্ষ পর্যায়ে এই রদবদলকে প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হলেও, ভোটের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থাপনায় এসব বদলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর চারঘাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

রাজশাহীর চারঘাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত