মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীতে লোকালয়ে ঢুকে পড়া একটি বিশাল অজগর সাপ নিরাপদে উদ্ধার করেছেন বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শহরের ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে প্রায় ১৮ ফুট লম্বা অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ওয়াসিম মিয়া প্রথমে সড়কের পাশে অজগর সাপটি দেখতে পান। মুহূর্তেই খবরটি আশপাশে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। বিশাল আকৃতির সাপটি দেখতে বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। আতঙ্কিত কয়েকজন সাপটিকে হত্যা করারও চেষ্টা করেন।
এ সময় স্থানীয় সচেতন বাসিন্দারা পরিস্থিতি সামাল দিয়ে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, রাজদীপ দেব দীপ এবং বাবুল রবিদাসকে খবর দেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দক্ষতার সঙ্গে কোনো ধরনের ক্ষতি ছাড়াই অজগরটিকে উদ্ধার করে।
উদ্ধারকারীরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। উদ্ধার শেষে সাপটিকে প্রাথমিকভাবে পরীক্ষা ও পরিচর্যা করা হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ জানিয়েছে, অজগরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেন, বনাঞ্চলসংলগ্ন এলাকায় খাবারের সন্ধান, আবাসস্থল সংকুচিত হওয়া কিংবা প্রাকৃতিক কারণে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। এমন পরিস্থিতিতে প্রাণীটিকে আঘাত না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ ও আইনসম্মত পদক্ষেপ।
কসমিক ডেস্ক