ভারতের রাজধানী দিল্লিতে চলমান নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে আন্দোলনের মধ্যে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। যুব-নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে পুলিশ আটক করেছে। সোমবার (২০ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
একই সময়ে আন্দোলনের দুই প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আন্দোলনের অন্যতম মুখপাত্র সৌরভ দাস জানান, তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে একটি লিখিত আবেদন মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। নাড্ডা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে দিল্লিতে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও বিভিন্ন রাজনৈতিক দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।
সোমবার ‘চলো সংসদ’ কর্মসূচির অংশ হিসেবে হাজারো আন্দোলনকারী দিল্লির যন্তর মন্তর এলাকায় জড়ো হন। সংসদের দিকে পদযাত্রার চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ ব্যারিকেড দেয় এবং নিরাপত্তা জোরদার করে।
এর আগেই রোববার দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি না দিয়ে বড় ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছিল। নিরাপত্তাজনিত কারণে রাজধানীর রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ—এই পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয় এবং অনেককে বিকল্প পথে গন্তব্যে যেতে হয়।
আন্দোলনের আরেক গুরুত্বপূর্ণ মুখ সোনম ওয়াংচুক। তিনি গত তিন সপ্তাহ ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, শনিবার তাকে জোর করে হাসপাতলে নেওয়া হলেও তিনি সেখানে থেকেও অনশন অব্যাহত রেখেছেন। সফদরজং হাসপাতাল থেকে প্রকাশিত একটি হাতে লেখা বার্তায় ওয়াংচুক অভিযোগ করেন, তাকে অবৈধভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে তিনি সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
দীর্ঘ অনশনের কারণে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। জানা গেছে, ইতোমধ্যে তার ওজন ৯ কেজিরও বেশি কমেছে। এ পরিস্থিতিতে তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমো আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত ককরোচ জনতা পার্টি (CJP) চলতি বছরের মে মাসে একটি অনলাইন ব্যঙ্গধর্মী উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে সংগঠনটি বিভিন্ন পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে আলোচনায় রয়েছে।
অভিজিৎ দীপকের আটকের দাবির পর আন্দোলন আরও বেগবান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে কোন অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
কসমিক ডেস্ক