বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে। তিনি দাবি করেন, দেশের পাট ও চা শিল্প ধ্বংস হওয়ার পেছনেও আওয়ামী লীগের নীতিকে দায়ী করা যায়। একই সঙ্গে তিনি তাঁত শিল্প রক্ষায় দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
শনিবার (১৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশের তাঁত শিল্প টিকিয়ে রাখতে হলে দেশীয় তাঁতের কাপড় ও পোশাকের বাজার আরও বিস্তৃত করতে হবে। তিনি মনে করেন, দেশীয় পণ্যের ব্যবহার বাড়লে তাঁতশিল্পের সঙ্গে জড়িত হাজারো কারিগর ও শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং শিল্পটি নতুন করে গতি পাবে।
রাজনৈতিক বক্তব্যে তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। তার ভাষ্য, দেশের পাট ও চা খাতের মতো গুরুত্বপূর্ণ শিল্পখাত ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘদিনের ভুল নীতির কারণে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ দেশের সামগ্রিক উন্নয়নের পরিবর্তে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত। তিনি উল্লেখ করেন, ছুটির দিনেও সরকারপ্রধান নিয়মিত কাজ করেন এবং বর্তমান সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তারেক রহমানকে নিয়ে বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অতীতে নির্যাতনের শিকার হলেও তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। বরং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিদ্যুৎমন্ত্রী বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। তিনি বলেন, "কী পেলাম" নয়, "কী দিলাম"—এই মানসিকতা নিয়েই রাজনীতি করতে হবে। একই সঙ্গে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। এছাড়া সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
কসমিক ডেস্ক