বিশ্বদরবারে শক্তিশালী হবে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বদরবারে শক্তিশালী হবে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
বিশ্বদরবারে শক্তিশালী হবে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড ছবির ক্যাপশন:

দেশে আন্তর্জাতিক মানের ডিজিটাল ডিভাইস উৎপাদন ও সংযোজনকে উৎসাহিত করতে সরকার যুগোপযোগী শুল্ক সুবিধা প্রদান করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে স্থানীয় শিল্পের বিকাশ ঘটবে এবং ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সুলতানা আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের প্রযুক্তি খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে বিভিন্ন ধরনের ডিজিটাল পণ্য উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিচ্ছে। এর আওতায় ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, নোটবুক, ট্যাবলেট, সার্ভার, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, নেটওয়ার্ক ডিভাইস, মনিটর, ডিজিটাল ঘড়ি এবং মোবাইল প্রযুক্তি পণ্য উৎপাদন ও সংযোজনকে উৎসাহিত করা হচ্ছে।

তিনি জানান, এসব পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে ১ শতাংশ অতিরিক্ত কাস্টমস শুল্ক ছাড়া সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

এছাড়া দেশে ডিজিটাল ডিভাইস সংযোজন (অ্যাসেম্বলিং) শিল্পকে আরও গতিশীল করতে কাঁচামাল আমদানির ওপর ৫ শতাংশ অতিরিক্ত কাস্টমস শুল্ক ছাড়া অন্যান্য সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং ভ্যাটও মওকুফ করার সুবিধা দেওয়া হয়েছে।

সরকারপ্রধান বলেন, এসব নীতিগত সহায়তা স্থানীয় প্রযুক্তি শিল্পকে আরও শক্তিশালী করবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য উৎপাদনের সুযোগ বাড়বে এবং দেশীয় প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় আরও সক্ষম হবে।

তিনি আরও বলেন, এই শুল্ক সুবিধার কারণে উন্নত প্রযুক্তির বিভিন্ন ডিজিটাল পণ্য তুলনামূলক কম দামে দেশের বাজারে পাওয়া যাবে। এতে সাধারণ ভোক্তাদের পাশাপাশি শিক্ষা, গবেষণা, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রযুক্তি খাতের এই সম্প্রসারণ দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং শিল্পায়নের গতি বাড়িয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু প্রযুক্তিপণ্য আমদানিনির্ভর থাকা নয়; বরং বাংলাদেশকে উচ্চমানের প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ