রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন এবং চাকরিতে যোগ দেওয়ার মাত্র দ্বিতীয় দিনেই দুর্ঘটনার শিকার হন।
রোববার (১২ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় মাথায় ছাতা দিয়ে রেললাইন পার হওয়ার সময় রাকিবুল সম্ভবত ট্রেনের হর্ন বা শব্দ শুনতে পাননি। ঠিক তখনই বিমানবন্দরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে উদ্ধারকারী এক ব্যক্তি জানান, রাকিবুল সম্প্রতি অনার্স সম্পন্ন করেছিলেন। ঢাকায় এসে গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় চাকরি নেন। শনিবার ছিল তার চাকরির প্রথম দিন এবং রোববার সকালে দ্বিতীয় দিনের কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলামের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামে। তার বাবা মো. মফিজুল ইসলাম পেশায় প্রাইভেটকার চালক। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর কুড়াতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিন ভাইয়ের মধ্যে রাকিবুল ছিলেন বড়।
কসমিক ডেস্ক