ব্যাটারির সফটওয়্যার ত্রুটিতে অস্ট্রেলিয়ায় প্রায় ১৪ হাজার গাড়ি ফেরত নিচ্ছে নিশান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্যাটারির সফটওয়্যার ত্রুটিতে অস্ট্রেলিয়ায় প্রায় ১৪ হাজার গাড়ি ফেরত নিচ্ছে নিশান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
ব্যাটারির সফটওয়্যার ত্রুটিতে অস্ট্রেলিয়ায় প্রায় ১৪ হাজার গাড়ি ফেরত নিচ্ছে নিশান ছবির ক্যাপশন:

জাপানি বহুজাতিক অটোমোবাইল নির্মাতা নিশান অস্ট্রেলিয়ায় তাদের জনপ্রিয় এক্স-ট্রেইল ই-পাওয়ার মডেলের প্রায় ১৪ হাজার গাড়ি রিকল (ফেরত) নেওয়ার ঘোষণা দিয়েছে। ব্যাটারি কন্ট্রোলারের সফটওয়্যারে ত্রুটি ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিশান অস্ট্রেলিয়ার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লিথিয়াম-আয়ন ব্যাটারি কন্ট্রোলারের সফটওয়্যারে সমস্যার কারণে গাড়ি চালানোর সময় অথবা রিজেনারেটিভ ব্রেকিং ব্যবহারের সময় গাড়িটি ‘ফেইল-সেফ’ মোডে চলে যেতে পারে। এতে গাড়ি হঠাৎ চলার শক্তি হারাতে পারে এবং ব্যাটারির চার্জিং প্রক্রিয়াও বন্ধ হয়ে যেতে পারে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, এমন পরিস্থিতিতে চলন্ত অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। এর ফলে চালক, যাত্রী এবং পথচারীরা গুরুতর আহত হতে পারেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।

নিশান জানিয়েছে, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে উৎপাদিত মোট ১৩ হাজার ৭৯৫টি এক্স-ট্রেইল ই-পাওয়ার গাড়ি এই রিকলের আওতায় এসেছে।

এটি বর্তমান চতুর্থ প্রজন্মের নিশান এক্স-ট্রেইল মডেলের প্রথম রিকল। পাশাপাশি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই জনপ্রিয় এসইউভি মডেলের জন্য এটিই প্রথম বড় ধরনের রিকল ঘোষণা। এর আগে আগের প্রজন্মের এক্স-ট্রেইল মডেলটি পেছনের দরজার লকের ত্রুটির কারণে রিকল করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার বাজারে এক্স-ট্রেইল বর্তমানে নিশানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল। চলতি বছরে এটি প্রতিষ্ঠানটির প্যাট্রোল অফ-রোডার এবং নাভারা ইউটিলিটি মডেলের চেয়েও বেশি বিক্রি হয়েছে।

ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে বলে জানিয়েছে নিশান। তাদের নিকটস্থ অনুমোদিত নিশান ডিলারশিপে গিয়ে বিনা মূল্যে ব্যাটারি কন্ট্রোলারের সফটওয়্যার রিপ্রোগ্রামিং করিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, সফটওয়্যার আপডেটের মাধ্যমে সম্ভাব্য ত্রুটিটি সম্পূর্ণভাবে সমাধান করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরল জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরল জোবাইক, পরীক্ষামূলকভাবে চালু