টানা কয়েক দিনের ভারী বর্ষণ, আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজওয়ান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত সমন্বয়, তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
জরুরি প্রয়োজনে মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ, উদ্ধার কার্যক্রমের অগ্রগতি এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সমন্বয় করা হবে।
টানা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামসহ রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং অনেক সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং অন্যান্য সরকারি সংস্থা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ক্ষতিগ্রস্তদের খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখার কাজও চলছে।
সরকার জানিয়েছে, পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আরও জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষা এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়।
কসমিক ডেস্ক