শেরপুরের নকলা উপজেলায় বাসচাপায় আবদুল কাদির (৫৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত আবদুল কাদির নকলা উপজেলার ১ নম্বর গনপদ্দি ইউনিয়নের মৃত আব্দুল্লাহর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক এবং স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী আনার মিয়ার দাবি, চলন্ত অবস্থায় বাসচালক ও একটি সিএনজি চালিত অটোরিকশার চালকের মধ্যে মারামারি চলছিল। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আবদুল কাদিরকে চাপা দেয়।
নকলা ট্রাফিক পুলিশের এএসআই হানিফ উদ্দিন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাসচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে নকলা থানায় নেওয়া হয়েছে।
নিহতের সহকর্মী মৌসুমি বেগম জানান, দুর্ঘটনার পর আবদুল কাদিরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনের পর নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা হাসপাতাল মোড়ে দুর্ঘটনায় জড়িত বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কসমিক ডেস্ক