গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫)। একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবের মৃত্যু হয়। এর আগে বুধবার (৮ জুলাই) রাতে টঙ্গীর পাগার এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব স্থানীয় তফিকুল ইসলামের ছেলে এবং গ্রিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।
সংঘর্ষে আহত অন্য দুজন হলেন স্থানীয় বাসিন্দা আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪)। তারা চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন আহত হন। প্রথমে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পাগার এলাকার বাসিন্দা জোবায়ের হোসেন (৪৫)কে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
কসমিক ডেস্ক