সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
আলোচনায় বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। একই সঙ্গে উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে যৌথভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বৈঠকে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) এবং বাংলাদেশে চীনের সম্ভাব্য বিনিয়োগ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে চীন সরকারের আরও সক্রিয় ও কার্যকর সহযোগিতা কামনা করেন। তিনি এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিক, কূটনৈতিক ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে
কসমিক ডেস্ক