নড়াইলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত জুলাই যোদ্ধাদের ওপর হামলার জন্য পুরস্কার ঘোষণার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠনের ১১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা নড়াইল সদর থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, জুলাই মাসকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও আহত জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকিমূলক প্রচারণা চালানো হয়েছে। অভিযোগকারীর দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক কয়েকজন নেতাকর্মী ফেসবুকে তাদের ওপর হামলার জন্য দেড় লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছেন।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইলের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান নয়ন, সহসভাপতি সৌরভ কর্মকার, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজিবুল ইসলাম হৃদয়সহ আরও কয়েকজন।
নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম বলেন, বিদেশে বা বিভিন্ন অজ্ঞাত স্থানে অবস্থান করে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা মনে করছেন। তিনি অভিযোগ করেন, এর আগেও তার বিরুদ্ধে হামলার বিষয়ে গুজব ছড়ানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তবে অভিযোগে নাম থাকা নড়াইল পৌরসভার আব্দুল্লাহ আল জাবের লোটাস অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের কাউকে তিনি চেনেন না এবং এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কসমিক ডেস্ক