ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই ও তার আশপাশের এলাকা টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রোববার (০৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারী বৃষ্টির কারণে মুম্বাই ও পার্শ্ববর্তী শহরগুলোর জনগণকে সতর্ক থাকতে বলেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। সংস্থাটি জানিয়েছে, শুধুমাত্র একান্ত প্রয়োজন হলেই বাইরে বের হওয়ার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটারের বেশি এবং কিছু এলাকায় প্রায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) সংস্থার মেট্রো ও বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও শহরতলির রেল চলাচলে কিছুটা বিলম্ব দেখা দিয়েছে।
এদিকে, বিএমসি নাগরিকদের সব ধরনের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য পৌর হেল্পলাইন ১৯১৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
বিশেষ করে নিচু ও উপকূলীয় এলাকাগুলোতে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, বিকেলে ৪.১৯ মিটার উচ্চতার জোয়ার এবং পরদিন ভোরে আরও একটি উচ্চ জোয়ারের আশঙ্কা করা হচ্ছে।
এর আগে শনিবার প্রবল বর্ষণে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে মাত্র ১২ ঘণ্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে শহরের অনেক নিচু এলাকা প্লাবিত হয়ে পড়ে, সড়কে ধস নামে, গাছপালা উপড়ে পড়ে এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়।
টানা বৃষ্টির প্রভাবে থানে, পালঘর, নভি মুম্বাই এবং পুনে অঞ্চলেও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ভূমিধস, জলাবদ্ধতা ও বন্যার কারণে সড়ক বন্ধ হয়ে যায় এবং অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক