শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনাও The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনাও

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনাও ছবির ক্যাপশন:

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে নরওয়ে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া ইউরোপের দলটি এবার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে ম্যাচটি ঘিরে আলোচনার বড় কারণ হয়ে উঠেছে দুই দলের অতীত পরিসংখ্যান।

আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড অনুযায়ী, ব্রাজিল এখনো পর্যন্ত নরওয়ের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি। দুই দলের মধ্যে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নরওয়ে জয় পেয়েছে দুটি ম্যাচে, আর বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ, ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার অনন্য রেকর্ড ধরে রেখেছে নরওয়ে।

এই দুই জয়ের একটি এসেছে বিশ্বকাপের মঞ্চে। ১৯৯৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ে ২-১ গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ব্রাজিল দলে দুঙ্গা, রোনালদো ও বেবেতোর মতো তারকারা খেললেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

নরওয়ের বিপক্ষে শুধু ব্রাজিলই নয়, আর্জেন্টিনার রেকর্ডও সুখকর নয়। দুইবারের মুখোমুখি লড়াইয়ে দুবারই পরাজিত হয়েছে আলবিসেলেস্তেরা। প্রথম হারটি আসে ১৯৮৬ সালে, যখন দলের নেতৃত্বে ছিলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। দ্বিতীয় পরাজয়টি ২০০৭ সালে, লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর সময়।

এ কারণে ফুটবল পরিসংখ্যানে নরওয়ে এমন একটি প্রতিপক্ষ, যার বিপক্ষে এখনো জয়হীন রয়েছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তিই। ব্রাজিল অন্তত দুটি ম্যাচ ড্র করতে সক্ষম হলেও আর্জেন্টিনা এখনো নরওয়ের বিপক্ষে কোনো পয়েন্টই অর্জন করতে পারেনি।

পরিসংখ্যান অনুযায়ী, নরওয়ে ছাড়াও আরও কয়েকটি দেশের বিপক্ষে আর্জেন্টিনা এখনো জয় পায়নি। এর মধ্যে রয়েছে বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়া। যদিও এসব দলের বিপক্ষে ম্যাচের সংখ্যা তুলনামূলকভাবে কম।

এদিকে, আগামী রবিবার (৫ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিল ও নরওয়ের বহুল প্রতীক্ষিত শেষ ষোলোর ম্যাচ। অতীতের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য থাকবে ব্রাজিলের। অন্যদিকে নরওয়ে চাইবে নিজেদের অপরাজিত ধারাবাহিকতা ধরে রাখতে।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ব্রাজিল ও নরওয়ের ম্যাচের বিজয়ী দল পরবর্তী ধাপে উঠবে। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের ম্যাচে জয় পেলে সেমিফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে ইতিহাস, পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম—সব মিলিয়ে নরওয়েকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পথে মৃত্যু

চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পথে মৃত্যু