সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রমে শৃঙ্খলা আনতে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে, বদলি-সংক্রান্ত আবেদন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিতে হবে। অন্যথায় জাতীয় কমিটি এসব আবেদনের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করবে না।
নির্দেশনায় জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি আবেদন পর্যালোচনার জন্য উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয়—এই চারটি পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটি নিজ নিজ এখতিয়ার অনুযায়ী আবেদন নিষ্পত্তির দায়িত্ব পালন করবে।
অধিদপ্তর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, উপজেলা, জেলা বা বিভাগীয় পর্যায়ে নিষ্পত্তিযোগ্য অনেক আবেদনও সরাসরি জাতীয় কমিটির কাছে জমা দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্যসচিবরা আবেদন গ্রহণ না করায় শিক্ষকরা বাধ্য হয়ে জাতীয় কমিটির শরণাপন্ন হচ্ছেন। এতে বদলি কার্যক্রমে অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি হচ্ছে এবং প্রশাসনিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব কমিটিকে তাদের এখতিয়ারভুক্ত আবেদন দ্রুত গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, জাতীয় কমিটির এখতিয়ারাধীন আবেদনও অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি জাতীয় কমিটির কাছে জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না এবং এ ধরনের আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে 'অতীব জরুরি' হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কমিটিকে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে শিক্ষক বদলি কার্যক্রমকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক