বাবা ও ফুটবল ক্যারিয়ারের দীর্ঘদিনের ছায়াসঙ্গী হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর আপাতত যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। প্রিয়জনকে হারানোর শোক কাটিয়ে উঠতে পরিবারের সঙ্গে আরো কিছুটা সময় একান্তে কাটাতে চান তিনি।
আর্জেন্টিনার রোজারিওর কাছের শহর পেরেজের এল প্রাদো সমাধিক্ষেত্রে পারিবারিকভাবে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। শনিবার রাতে আর্জেন্টিনায় পৌঁছে মেসি পুরো রাত সমাধিক্ষেত্রে অবস্থান করেন। পরদিন রোববার বিকেলে সেখান থেকে বের হয়ে পরিবারের সঙ্গে নিরাপদ আবাসিক এলাকায় ফিরে যান তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, মেসির আগমন ও বাবার শেষকৃত্যের পুরো আয়োজন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হয়। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে চার্টার্ড বিমানে আর্জেন্টিনায় পৌঁছান মেসি। এরপর তাঁরা সরাসরি সমাধিক্ষেত্রে যান। সেখানে মেসির ভাই ও ঘনিষ্ঠ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
শেষকৃত্যে উপস্থিত ছিলেন অল্প কয়েকজন সাধারণ মানুষ। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল পাঠানো হয় এবং জাতীয় দলের কয়েকজন কোচিং স্টাফও সেখানে উপস্থিত ছিলেন। সমাধিক্ষেত্রের বাইরে এক ভক্ত মেসিকে উদ্দেশ করে ‘শক্ত থাকো লিও’ বলে শুভকামনা জানান। একই বার্তা লেখা একটি ব্যানারও সেখানে দেখা যায়।
মেসির পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্থানীয়রাও কোনো ধরনের ভিড় বা বিশৃঙ্খলা তৈরি করেননি। সমাধিক্ষেত্র থেকে মেসি সপরিবারে বের হওয়ার পর ধারণা করা হয়েছিল, তিনি দ্রুত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফিরবেন। তবে সেই ফ্লাইটটি শেষ পর্যন্ত মেসিকে ছাড়াই উড্ডয়ন করে।
বাবার মৃত্যুর পর মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মেসি তাই আপাতত পরিবারের সঙ্গে আরো কিছু সময় আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরে পরিস্থিতি অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামির সঙ্গে যোগ দেবেন।
কসমিক ডেস্ক