২০২৬ বিশ্বকাপ শেষে আবারও এশিয়া সফরের পরিকল্পনা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে ‘সুপার ফিফা উইন্ডো’র অংশ হিসেবে ভারত সফরে আসতে পারে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের দল।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে ব্রাজিল প্রথমে অস্ট্রেলিয়া সফরে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা টাউনসভিল ও ব্রিসবেনে। এরপর অক্টোবরের শুরুতে এশিয়ায় আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষের।
এই ম্যাচের সম্ভাব্য আয়োজক হিসেবে ভারতের পাশাপাশি বাংলাদেশ, কাতার ও সিঙ্গাপুরের নামও আলোচনায় আসে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আলোচনা সবচেয়ে বেশি এগিয়েছে ভারতের সঙ্গে। ম্যাচটি আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতার নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
বিশ্বকাপ চলাকালে পশ্চিমবঙ্গে ব্রাজিলকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। কলকাতার বিভিন্ন সড়ক ও এলাকায় নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রসহ ব্রাজিলের তারকাদের গ্রাফিতি ও সাজসজ্জা ফুটবলপ্রেমীদের দৃষ্টি কাড়ে। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় কলকাতায় ব্রাজিলের একটি ম্যাচ আয়োজনের আগ্রহও বেড়েছে।
ভারতের সঙ্গে ব্রাজিল ফুটবলের সম্পর্কও নতুন নয়। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন। পরে ২০১৫ সালে আবারও ভারত সফরে আসেন পেলে। এছাড়া ২০২৩ সালে কলকাতা সফর করেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো।
যদিও প্রতিপক্ষ দল এখনও চূড়ান্ত হয়নি এবং আনুষ্ঠানিক সূচিও প্রকাশ করা হয়নি, তবুও ব্রাজিলের সম্ভাব্য ভারত সফর ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বাংলাদেশ আয়োজক না হলেও আলোচনায় দেশের নাম উঠে আসা স্থানীয় ফুটবল অঙ্গনের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক