অবসরের পর বিগ ব্যাশে ফিরতে পারেন বেন স্টোকস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অবসরের পর বিগ ব্যাশে ফিরতে পারেন বেন স্টোকস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
অবসরের পর বিগ ব্যাশে ফিরতে পারেন বেন স্টোকস ছবির ক্যাপশন:

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এর আসন্ন মৌসুমে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টস-এর তথ্য অনুযায়ী, সিডনি সিক্সার্স বর্তমানে স্টোকসকে দলে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। দলটির কোচিং স্টাফে ইংল্যান্ডের সাবেক সাদা বলের প্রধান কোচ ম্যাথিউ মট থাকায় আলোচনাও ইতিবাচক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

স্টোকস সিডনি সিক্সার্সে যোগ দিলে এক দশকেরও বেশি সময় পর আবারও বিগ ব্যাশে দেখা যাবে তাকে। এর আগে ২০১৪-১৫ মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার।

সম্প্রতি বিবিএলে বিদেশি খেলোয়াড় বাছাইয়ের ড্রাফট পদ্ধতি বাতিল হওয়ায় দলগুলো এখন সরাসরি তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে পারছে। ফলে ৩ লাখ মার্কিন ডলারের বেশি পারিশ্রমিকে আন্তর্জাতিক ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ তৈরি হয়েছে, যা বিশ্বের অনেক ক্রিকেটারের কাছেই বিবিএলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

তবে শুধু সিডনি সিক্সার্স নয়, বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনসও স্টোকসকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। ক্রিকেট তাসমানিয়ার প্রধান নির্বাহী ডম বেকার জানিয়েছেন, স্টোকসের মতো বিশ্বমানের ক্রিকেটারকে পাওয়ার সুযোগ এলে তারা অবশ্যই সেটি কাজে লাগানোর চেষ্টা করবেন।

এদিকে স্টোকসের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও আলোচনা থেমে নেই। ইংল্যান্ড ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছেন, ভবিষ্যতে স্টোকস আবারও টেস্ট ক্রিকেটে ফিরলে তিনি বিস্মিত হবেন না। বিশেষ করে ২০২৭ সালের অ্যাশেজ সিরিজকে সামনে রেখে তার প্রত্যাবর্তনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইংল্যান্ডের হয়ে ১২২টি টেস্ট ম্যাচে ৭,২৭৩ রান ও ২৫২ উইকেট নিয়ে বেন স্টোকস দেশটির ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন তার সম্ভাব্য বিবিএল প্রত্যাবর্তন নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আগামী সরকার গঠনে জনসমর্থন অপরিহার্য: তারেক রহমান

আগামী সরকার গঠনে জনসমর্থন অপরিহার্য: তারেক রহমান