জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (৫ আগস্ট) র্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গত ৪ মে মাদারগঞ্জ থানায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আবদুল ওয়াহেদকে আসামি করা হলে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে আটক করতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান শুরু করে র্যাব।
অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আবদুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন। তবে জেলা জামায়াতের মিডিয়া সেলের সদস্য জাকিউল ইসলাম জানিয়েছেন, বর্তমানে তিনি দলের কোনো পদে দায়িত্ব পালন করছেন না।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, র্যাবের কাছ থেকে অভিযুক্তকে থানায় বুঝে নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে আলোচিত এই সমবায় কেলেঙ্কারির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অর্থ ফেরতের দাবি রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দায় নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কসমিক ডেস্ক