বন্যার ক্ষতি কাটিয়ে বোয়ালখালীতে আমন আবাদে ব্যস্ত কৃষক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বন্যার ক্ষতি কাটিয়ে বোয়ালখালীতে আমন আবাদে ব্যস্ত কৃষক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
বন্যার ক্ষতি কাটিয়ে বোয়ালখালীতে আমন আবাদে ব্যস্ত কৃষক ছবির ক্যাপশন:

বন্যায় ক্ষতিগ্রস্ত বীজতলার ঘাটতি কাটিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সরকারি প্রণোদনা ও কৃষকদের নিজস্ব উদ্যোগে নতুন করে বীজতলা প্রস্তুত হওয়ায় আমন আবাদে আবারও গতি ফিরেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে এখন চলছে চারা রোপণের কাজ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোয়ালখালীতে আমনের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪৯ হেক্টর। এর মধ্যে ইতোমধ্যে ২১০ হেক্টর বীজতলা প্রস্তুত হয়েছে। এ ছাড়া চার হাজার ৮০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার আহলা করলডেঙ্গা, আমুচিয়া, শ্রীপুর-খরণদ্বীপ, চরণদ্বীপ ও পোপাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আমনের চারা রোপণ করতে দেখা গেছে। কৃষি অফিস জানিয়েছে, সম্প্রতি বন্যায় উপজেলার প্রায় ৪৮ হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সরকারি প্রণোদনার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে বীজতলা তৈরিতে সহায়তা দেওয়া হয়।

এবার ব্রি ধান-২২, ব্রি ধান-২৩, ব্রি ধান-৫২ ও ব্রি ধান-৫৭-এর পাশাপাশি সিনজেনটার বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করা হচ্ছে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে চারা রোপণ শুরু হয়েছে। আগস্টজুড়ে রোপণ চলবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে সেপ্টেম্বরের প্রথমার্ধে এ কাজ শেষ হওয়ার আশা করছে কৃষি বিভাগ। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে ধান কাটা শুরু হতে পারে।

তবে বাড়তি উৎপাদন ব্যয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের ভাষ্য, জমি চাষ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আগের তুলনায় আমন চাষে খরচ বাড়ছে। কাঙ্ক্ষিত ফলন পেলেও লাভের পরিমাণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এর পাশাপাশি শ্রীপুর-খরণদ্বীপ, জৈষ্ঠ্যপুরা, আমুচিয়া ও করলডেঙ্গা এলাকায় বন্য হাতির উপদ্রবও কৃষকদের উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় এক মাস ধরে সন্ধ্যার পর বন্য হাতি লোকালয়ে নেমে এসে বীজতলা ও রোপণ করা ধানের চারা নষ্ট করছে। ফলে বন্যার ক্ষতি কাটিয়ে আমন আবাদে ফিরলেও নতুন করে ফসল রক্ষার চ্যালেঞ্জের মুখে পড়েছেন কৃষকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেরানীগঞ্জে ২১ দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে ২১ দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার