গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জাতীয় সংসদই রাজনৈতিক বিতর্ক, মতবিনিময় এবং জাতীয় সমস্যা সমাধানের সর্বোচ্চ প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জাতীয় সমস্যার সমাধান সংসদের মাধ্যমেই হওয়া উচিত। সংসদের পরিবর্তে রাজপথকে বেশি প্রাধান্য দেওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়।
শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন এবং বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সরকার একটি কার্যকর সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছে। তবে কেউ কেউ জাতীয় সংসদের পরিবর্তে রাজপথকে বেশি গুরুত্ব দিয়ে ছোটখাটো বিষয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। সরকার এসব বিষয়ে সচেতন থাকলেও উত্তেজনার পরিবর্তে গঠনমূলক সমাধানকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিক্রিয়াশীল বা উসকানিমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। দেশের স্বার্থে দায়িত্বশীল আচরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। যারা সমস্যা সৃষ্টি করবে, তাদের সঙ্গে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। তবে রাষ্ট্র, জনগণ ও দেশের স্বার্থে প্রয়োজন হলে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণেও পিছপা হবে না।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতে আলোকচিত্র প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে দেশে যেন স্বৈরাচার বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক