প্রার্থী হয়েও নিজের ভোট নিজে দিতে পারবেন না কর্নেল অলি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রার্থী হয়েও নিজের ভোট নিজে দিতে পারবেন না কর্নেল অলি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
প্রার্থী হয়েও নিজের ভোট নিজে দিতে পারবেন না কর্নেল অলি ছবির ক্যাপশন:

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজেই ভোট দিতে পারবেন না জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদ সদস্য না হওয়ায় তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় নেই। ফলে ভোট গ্রহণের স্থান জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষেও তাঁর প্রবেশের সুযোগ থাকছে না।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলি আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট গ্রহণের কথা রয়েছে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় সংসদের বিভক্তি অনুযায়ী ৩৪৯ জনের ভোটার তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন ৫০ জন। অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ভোট দিতে পারবেন না।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে কমপক্ষে ১৭৫ ভোট পেতে হবে। সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন। দলটির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সংখ্যা ৯০ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। ভোট শেষে সংসদ কক্ষেই ফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে নির্বাচন কমিশন ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত, আহত ৭৬

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত, আহত ৭৬