নিউরোসায়েন্সেসে বাড়ছে চিকিৎসাসেবা, যুক্ত হচ্ছে ৫০০ বেড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিউরোসায়েন্সেসে বাড়ছে চিকিৎসাসেবা, যুক্ত হচ্ছে ৫০০ বেড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
নিউরোসায়েন্সেসে বাড়ছে চিকিৎসাসেবা, যুক্ত হচ্ছে ৫০০ বেড ছবির ক্যাপশন:

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিউরো রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হচ্ছে। হাসপাতালটিতে নতুন ৫০০ শয্যার একটি ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভবনটির উদ্বোধন করবেন। নতুন ভবন চালু হলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াবে এক হাজারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ তলাবিশিষ্ট নতুন ভবনটির নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। সেখানে পার্কিং ও সার্ভিস সেকশন রয়েছে। ওপরের ১২ তলায় রয়েছে ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট। ভবনটিতে ৪০টি আইসিইউ বেড, ২০টি এইচডিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন রয়েছে।

নতুন ভবনে ১০০ শয্যার বিশেষায়িত ট্রমা ইউনিটও থাকছে। সড়ক দুর্ঘটনা, ওপর থেকে পড়ে যাওয়া কিংবা অন্যান্য দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য এখানে ২৪ ঘণ্টা অস্ত্রোপচার সুবিধা থাকবে। চারটি অপারেশন থিয়েটারের মধ্যে দুটি মডুলার ওটি।

এ ছাড়া রয়েছে একটি ক্যাথল্যাব, দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিন, ৬২টি ভেন্টিলেটর, অত্যাধুনিক অটোক্লেভ, সলিড ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম এবং পৃথক অক্সিজেন প্লান্ট। রোগী স্থানান্তরের সুবিধার জন্য এক থেকে তিনতলা পর্যন্ত স্কেলেটরও স্থাপন করা হয়েছে।

চিকিৎসকদের মতে, এ হাসপাতালে সবচেয়ে বেশি স্ট্রোকের রোগী চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগী, পার্কিনসন্স, ডিমেনশিয়া, জিবিএস, মৃগী ও হাইড্রোকেফালাসসহ বিভিন্ন নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান জানান, শয্যাসংকটের কারণে বর্তমানে অনেক রোগীকে ফিরিয়ে দিতে হয়। নতুন ৫০০ শয্যার ভবন চালু হলে আরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে এবং রোগী ফেরত দেওয়ার পরিস্থিতি কমবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরান সরকার কি চলমান বিক্ষোভ সামাল দিতে পারবে?

ইরান সরকার কি চলমান বিক্ষোভ সামাল দিতে পারবে?